ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Monday, 22 June 2026

সারিয়াকান্দিতে ১০ শতক জমি থেকে দৈনিক ৭শ' টাকার পান বিক্রি


সারিয়াকান্দিতে ১০ শতক জমি থেকে দৈনিক ৭শ' টাকার পান বিক্রি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে প্রথমবারের মতো পান চাষে সফল হয়েছেন কৃষক মোরশেদ। কৃষক মোরশেদ মাত্র ১০ শতক জমিতে পানের বরজ করে দৈনিক ৭শ' টাকার পান বিক্রি করে লাভবান হচ্ছেন । পানের বরজে লাভ দেখে অন্য কৃষক পান চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। জানা যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হরিণা গ্রামের কৃষক মোরশেদ একজন গৃহনির্মাণ শ্রমিক ছিলেন। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় তার শ্বশুর বাড়ি। সেখানে বেশকিছু পানের বরজ দেখে তিনি তার নিজ বাড়ির পাশে পান চাষের স্বপ্ন দেখেন। পরে গত দেড় বছর আগে তিনি পলাশবাড়ী থেকে পানের চারা নিয়ে এসে পরীক্ষামূলকভাবে মাত্র ১০ শতক জমিতে পান চাষ শুরু করেন। তার পানের বরজের পানের গাছগুলো এখন বেশ বড় হয়েছে। পুরো বরজের পানের গাছগুলো পান পাতায় ভরপুর হয়েছে। গত কয়েকমাস ধরেই তিনি পান বাজারজাত করছেন। এখন প্রতিদিন তিনি তার বরজ থেকে ৬শ" থেকে ৭শ” টাকার পান বিক্রি করছেন। পানের বরজের প্রধান পরিচর্যা হচ্ছে খড় বা বাঁশ দিয়ে গাছের জন্য ছায়া সৃষ্টি করা। 
এ ব্যাপারে কৃষক মোরশেদ বলেন, পানের বরজ করার পর আমার সংসারের অভাব মোচন হয়েছে। এখন আমাকে আর অন্য কোনও কাজে যেতে হয়না। মাত্র ১০ শতক জমির পান বিক্রি করেই সংসার মোটামুটি ভালোই চলে যাচ্ছে। পানের বরজ সাজাতে আমার মোট এক লাখ টাকা খরচ হয়েছে। গত কয়েকমাসে আমার প্রায় ৭০ হাজার টাকার পান বিক্রি হয়েছে। আমার এই পানের বরজ থেকে আগামী প্রায় ১০ বছর পর্যন্ত প্রায় ২০ লাখ টাকার পান বিক্রি করতে পারবো বলে আশা করছি। 
এ বিষয়ে, সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উপজেলায় প্রথমবারের মতো পানের বরজ করে সফল হয়েছেন কৃষক মোরশেদ। মাত্র ১০ শতাংশ জমি থেকে তিনি ভালো আয় করছেন। তার মতো এ উপজেলায় অনেক বেকার যুবকরা কৃষি উদ্যোক্তা হয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন। তাকে উপজেলা কৃষি অফিস থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পান আদিকাল থেকেই একটি ঔষধী গুন সম্পন্ন উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। পান পাতা হজমশক্তি বাড়াতে, মুখের দুর্গন্ধ দূর করতে এবং প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকরী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে যা শরীরকে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আয়ুর্বেদ অনুযায়ী, পান পাতার রস ত্বকের ক্ষত ও প্রদাহ দ্রুত নিরাময়ে ভূমিকা রাখে। সর্দি বা গলার সমস্যায় পানের রসের সাথে সামান্য মধু বা গোলমরিচ মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages