ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত

Breaking News বিশেষ_ঘোষণা...

সারিয়াকান্দি সংবাদ এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ

Wednesday, 14 January 2026

সাংবাদিক ও ডিবি পরিচয়ে সারিয়াকান্দি পৌরসভার প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমকে অপহরণে ৩ জন গ্রেফতার

সাংবাদিক ও ডিবি পরিচয়ে সারিয়াকান্দি পৌরসভার প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমকে অপহরণে  ৩ জন গ্রেফতার 

নিউজ ডেস্ক ঃ বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় যুবদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সঞ্জয় সরকার (৩০), বগুড়া শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার ডাবলু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪২) এবং শহরের বৃন্দাবন পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৪)।আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এসব তথ্য জানান। 
জানা যায়, সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৬) গত ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভা কার্যালয়ে যান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার ইয়াসির আরাফাতের ডাকে তিনি সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে যান। কাজ শেষে দুপুরে খাবারের উদ্দেশ্যে রওনা হলে সারিয়াকান্দিও কুঠিবাড়ী মোড় এলাকায় পৌঁছালে দুটিমোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি তার পথরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে দাবি করে জোরপূর্বক মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে।
পরে বগুড়া শহরের দিকে নিয়ে আসেন। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে প্রথমে ১ লাখ ৬০ হাজার এবং পরে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করেন। মোট ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় তার স্ত্রী মোছাঃ আনজু মান আরা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
ডিবি পুলিশ জানায়, ঠিকাদারি কাজের তদারকি নিয়ে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা আগেও নিজেদের সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করত। পরিকল্পিতভাবেই ঘটনার দিন তাকে ফাঁদে ফেলে অপহরণ করা হয়। ঘটনার পর বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘবদ্ধভাবে ভুয়া সাংবাদিক ও ডিবি পরিচয়ে এই অপরাধ সংঘটিত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages