সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই সোমবার সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত ইউএনও এস এম মিকাইল ইসলাম উপস্থিত সবার সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা, আইন-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও সরকারি সেবাকে আরও জনবান্ধব করার বিষয়ে মতামত বিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাজী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক , সারিয়াকান্দি জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জুলাই যোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে সরকারি বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনও বক্তব্যে বলেন, প্রশাসনের সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। উপজেলার সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
No comments:
Post a Comment